দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বেচ্ছায় রাজনীতি থেকে আজীবনের জন্য অবসরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ। স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি এবং নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পাদন করে তিনি এই ঘোষণা দেন।
গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদন করেন ছাবের আহমদ। রোববার (২৯ মার্চ) সেই হলফনামাটি বিজ্ঞপ্তি আকারে একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন, জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের ছায়ায় যাবেন না।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তবে এই পদটি তিনি নিজের উদ্যোগে নেননি, বরং জেলা পর্যায়ের নেতারা তাকে দিয়েছেন বলে দাবি করেন।
ওই হলফনামায় আরও উল্লেখ করা হয়, তিনি কখনো মিছিল-মিটিংয়ে অংশ নেননি এবং সক্রিয় রাজনীতিও করেননি। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিজনিত কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন এবং এখন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ মে ইউপি নির্বাচনে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে ৪০০ ব্যালটে সিল মারার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছিলেন ছাবের আহমদ। সেই ঘটনা তখন দেশজুড়ে বেশ শোরগোল তুলেছিল। তবে সেই নির্বাচনেই তিনি শেষ পর্যন্ত জয়ী হন। এরপর চেয়ারম্যান হয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ পান। ২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এক পর্যায়ে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাবের আহমদ সংবাদমাধ্যমকে বলেন, আমি জীবনেও আর রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত কোনো দলই আমার তালিকায় নেই। তবে মানুষের পাশে থেকে সমাজসেবা চালিয়ে যাব।
আরএ